আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার স্লিপ বিলি নিয়ে কড়া নির্দেশ জারি করল Election Commission of India। কমিশনের নির্দেশ অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোটারদের হাতেই ভোটার স্লিপ তুলে দিতে হবে BLO-দের।
সূত্রের খবর, স্লিপ বিলির সময় কোনও ভোটার বাড়িতে উপস্থিত না থাকলে সেটিও নথিভুক্ত করা হবে। পরে ওই ভোটার ভোট দিতে এলে, কেন তিনি বাড়িতে ছিলেন না, তা জানতে চাইতে পারেন প্রিসাইডিং অফিসার। এরপর ভোটার তালিকায় নাম ও ছবি যাচাই করে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। মূলত অন্যের নামে ভুয়ো ভোট রুখতেই এই কড়াকড়ি বাড়ানো হয়েছে।
এদিকে এবারের বিধানসভা ভোটে নতুন করে চালু করা হচ্ছে ‘লক্ষ্মণরেখা’ ব্যবস্থা। বুথের চারপাশে ১০০ মিটার এলাকা সাদা চক দিয়ে চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার ভেতরে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। BLO ও তাঁর সহকারী ওই সীমার বাইরে অবস্থান করবেন। বুথের বাইরে দু’টি আলাদা টেবিলে ভোটারদের নথি যাচাই করা হবে বলেও জানা গেছে।
নির্বাচনের আগে রাজ্যের সমস্ত থানার OC ও IC-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করার পরিকল্পনা করেছে কমিশন। এই বৈঠকে CP, SP এবং পুলিশ অবজার্ভাররাও উপস্থিত থাকবেন। ভোটের ৭২ ঘণ্টা আগে কোন আধিকারিকের কী দায়িত্ব থাকবে এবং অশান্তি হলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, তা নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
নিরাপত্তা আরও জোরদার করতে এবারের নির্বাচনে মাইক্রো অবজার্ভার, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণও কমিশন নিজের হাতে নিচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত ফুটেজ সংগ্রহ করা যায়।
ভোটারদের সুবিধার জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (VIS)-এ একাধিক তথ্য যুক্ত করা হয়েছে। এতে ভোটারের নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের অবস্থান, ভোটের তারিখ ও সময়ের পাশাপাশি একটি মানচিত্রও থাকবে। এছাড়া দ্রুত তথ্য যাচাইয়ের জন্য যুক্ত করা হয়েছে QR কোড। পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে ভোটাররা সহজে নিজেদের পরিচয় শনাক্ত করতে পারেন।

