দ্বিতীয় দফার ভোটের আগের শেষ দিনে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি রাজ্যবাসীর উন্নয়ন ও গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী লেখেন, নির্বাচনী প্রচারের সময় বাংলার মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছেন, তা তাঁকে নতুন শক্তি দিয়েছে। তাঁর দাবি, এই ভালোবাসা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, ২৯ এপ্রিল ভোটদানে নতুন রেকর্ড গড়বে পশ্চিমবঙ্গবাসী।” একই সঙ্গে তিনি জানান, নির্বাচনী প্রচারের সময় বাংলায় তিনি এক বিশেষ শক্তি অনুভব করেছেন এবং প্রতিটি সভা ও রোড শো তাঁর কাছে এক ধরনের তীর্থযাত্রার মতো অভিজ্ঞতা হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, রাজ্যের যুব সমাজ, নারী শক্তি, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা সবাই এক বিকশিত বাংলার স্বপ্নে ঐক্যবদ্ধ। তিনি বলেন, প্রচার চলাকালীন তিনি মানুষের যে সাড়া পেয়েছেন, তা ভবিষ্যৎ বাংলার উন্নয়নের প্রতি গভীর প্রত্যয় প্রকাশ করে।
