ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে মুড়ির দোকানে মোদি, খেলেন ঝালমুড়ি—দোকানির সঙ্গে আলাপচারিতায় কী জানালেন?

বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ব্যস্ততার মাঝেই হঠাৎ সাধারণ মানুষের মাঝে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে। রবিবার (১৯ এপ্রিল) ঝাড়গ্রামে সভার ফাঁকে একটি মুড়ির দোকানে ঢুকে ঝালমুড়ি খেতে দেখা যায় তাঁকে, যা ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়।

প্রধানমন্ত্রীকে হঠাৎ দোকানে দেখে আশপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন। চারপাশে শোনা যায় ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘মোদিজি জিন্দাবাদ’ স্লোগান। অনেকেই মোদির সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেন। হাসিমুখে সকলের দিকে তাকিয়ে ছবি তুলতেও দেখা যায় তাঁকে।

ঝালমুড়ি খেতে খেতেই আলাপচারিতা

ঝালমুড়ি খাওয়ার সময় দোকানির সঙ্গে কথাবার্তাও বলেন প্রধানমন্ত্রী। আশপাশে উপস্থিত কয়েকজন মহিলার সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ ঝালমুড়ি খাওয়ার ছবিও শেয়ার করেছেন।

তিনি পোস্টে লেখেন,
“ব্যস্ত রবিবারে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার ফাঁকে, ঝাড়গ্রামে সুস্বাদু ঝালমুড়ি খেলাম।”

কী বললেন ঝালমুড়ির দোকানি

যাঁর দোকানে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খান, সেই দোকানি জানান,
“স্যার এসে বললেন মুড়ি বানিয়ে দাও। খেয়ে বললেন দারুণ মুড়ি বানিয়েছ। মা-বাবার নাম জিজ্ঞেস করলেন, আমার নাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেন কত রোজগার হয়। স্যার যাওয়ার সময় ‘জয় শ্রী রাম’ বলেছিলাম, উনি হাত নাড়লেন। আমি খুব খুশি।”

দোকানির কথায়, এত কাছে প্রধানমন্ত্রীকে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত হয়েছেন।

নির্বাচনের আগে জোরদার প্রচার

এদিন পশ্চিমবঙ্গের চারটি জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামও ছিল সেই তালিকায়। ভোটের আগে শেষ রবিবারে প্রচারে কোনও ফাঁক রাখতে চাননি তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দু’দফায় অনুষ্ঠিত হবে।

  • ২৩ এপ্রিল প্রথম দফার ভোট, মোট ১৫২টি আসনে
  • ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, মোট ১৪২টি আসনে
  • ৪ মে ভোট গণনা অনুষ্ঠিত হবে

ভোটের আগে এই ধরনের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Comment

Trending Now