দ্বিতীয় দফার ভোটের আগেই পশ্চিমবঙ্গজুড়ে বড়সড় আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বীরভূম, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ একাধিক জেলায় এই প্রভাব বেশি থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। টানা বৃষ্টি ও ঝড়ের কারণে চলতি সপ্তাহে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভোটের দিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
